মার্কিন নির্বাচন

ভোটার টানতে ইলন মাস্কের ১০ লাখ ডলারের ‘টোপ’, অবৈধ বলছেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৫:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৪৩

অস্ত্র বহন আর মত প্রকাশের স্বাধীনতায় সমর্থন দিতে হবে। তাহলেই কপালে জুটতে পারে ১০ লাখ মার্কিন ডলার। শনিবার (১৯ অক্টোবর) পেনসিলভিনিয়াতে এমন এক প্রতিযোগিতার ঘোষণা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আসন্ন মার্কিন নির্বাচনের শেষ পর্যায়ে আলোচনায় এলেন মাস্ক। ৫ নভেম্বর নির্বাচনের আগ পর্যন্ত নিবন্ধিত ভোটারদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন একজনকে ১০ লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। রিপাবলিকান পদপ্রার্থীর জয় নিশ্চিত করতে যেন কোমর বেঁধে নেমেছেন টেসলা ও স্পেস এক্স মালিক। তবে তার সর্বশেষ কাজে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এই লটারির বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন। 

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লটারিতে অংশগ্রহণের নিয়মকানুন ব্যাখ্যা করেছেন মাস্ক। ‘বাকস্বাধীনতা ও অস্ত্র বহনের সমর্থনে’ একটি পিটিশনে স্বাক্ষর করতে হবে অংশগ্রহণকারীদের। আর পিটিশনে স্বাক্ষর করতে হলে অবশ্যই ‘সুইং স্টেটের’ নিবন্ধিত ভোটার হতে হবে। 

 

মার্কিন নির্বাচনে ৭টি ‘দোদুল্যমান অঙ্গরাজ্যের’ (সুইং স্টেট) একটি হচ্ছে পেনসিলভিনিয়া।এই অঙ্গরাজ্যগুলোতে সমর্থকদের পাল্লা আকস্মিকভাবে যে কোন দিকে ঝুঁকে পড়ার প্রবণতা অনেক বেশি।আর এই রাজ্যগুলোর ভোট অনেকাংশেই নির্ধারণ করে ওভাল অফিসের পরবর্তী প্রধান কে হবেন। ফলে এখানে প্রচারণার ওপরই অনেকটা নির্ভর করবে হ্যারিস বা ট্রাম্পের ভোট ভাগ্য।  

বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের শিবির থেকে এখন পর্যন্ত মাস্কের কর্মকাণ্ড নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে পেনসিলভিনিয়ার ডেমোক্র্যাট গভর্নর জশ শাপিরো মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে বলেছেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর উচিত মাস্কের বিষয়টি খতিয়ে দেখা।’

নির্বাচনি আইন বিষয়ে অভিজ্ঞ ও জর্জটাউন ল’ স্কুলের অধ্যাপক ড্যানিয়েলে ল্যাং এএফপিকে বলেছেন, ‘ডিপার্টমেন্ট অব জাস্টিসের আওতায় মাস্কের প্রতিযোগিতা দেওয়ানি বা ফৌজদারি আইনের লঙ্ঘন হতে পারে। কারণ নিবন্ধিত ভোটার হওয়ার শর্তে অর্থ প্রদান একেবারেই অবৈধ।’

প্রায় একই কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রিক হ্যাসেন। নির্বাচন সংক্রান্ত নির্দিষ্ট আইন উদ্ধৃত করে তিনি বলেছেন, ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে অর্থ গ্রহণ ও প্রদান উভয়েই আইনের দৃষ্টিতে অবৈধ। আইন লঙ্ঘনের শাস্তি হতে পারে ১০ হাজার মার্কিন ডলার অর্থদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড।

কয়েকজন অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তাদের একজন হলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান ব্র্যাড স্মিথ।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে স্মিথ বলেছেন, মাস্ক আইনের ধূসর একটা জায়গা থেকে কাজ করছেন। কারণ তিনি ভোটের জন্য অর্থ দিচ্ছেন না। বরং পিটিশনে স্বাক্ষরের মাধ্যমে প্রতিযোগিতায় মানুষকে অন্তর্ভুক্ত করাচ্ছেন। 

এদিকে, নিজের সাফাই গেয়ে মাস্ক বলেছেন, তিনি কেবল মানুষকে ভোট দিতে উৎসাহিত করতে চাচ্ছেন।

তিনি বলেছেন, ‘কথা বলুন। বন্ধুবান্ধব, পরিবারের সদস্য সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন।আমরা চাই সুইং স্টেটের সবার কাছে আমাদের বার্তা পৌঁছাক। আমি ধারণা এর মাধ্যমে (১০ লাখ ডলার পুরস্কার) তা নিশ্চিত হলো।’

শেষ কয়েকমাস ধরে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বৃদ্ধি করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন মাস্ক। ট্রাম্প শিবিরে এখন পর্যন্ত সাড়ে সাত কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি।

অধ্যাপক ল্যাং বলেছেন, প্রতি নির্বাচনেই এসব ফন্দিফিকির দেখা যায়।নির্বাচন ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকেই অনেক প্রশ্নবিদ্ধ কাজ করতে দেখা গেছে। যেমন ‘আমি ভোট দিয়েছি’ (আই ভোটেড) স্টিকার দেখালে কোনও একটি পণ্য উপহার হিসেবে দেওয়া। তবে অর্থের পরিমাণের কারণে মাস্কের আয়োজিত প্রতিযোগিতার ব্যাপ্তি ও প্রভাব অনেক বেশি বিস্তৃত। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম