যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে রিপাবলিকানরা। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তার অ্যাজেন্ডা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ইতোমধ্যে ২১৩টি আসন জিতেছে। শনিবার (৯ নভেম্বর) রাতে এডিসন রিসার্চের পূর্বাভাসে জানানো হয়, ড্যান নিউহাউস যথেষ্ট ভোট পাওয়ায় কলোরাডোর থার্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের আর পাঁচটি আসন দরকার। তারা ইতোমধ্যে ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেটের দখল নেওয়ার জন্য যথেষ্ট আসন লাভ করেছে। তবে শুক্রবার রাতে এডিসন রিসার্চ জানায়, নেভাদায় ডেমোক্র্যাট সিনেটর জ্যাকি রোজেন পুনর্নির্বাচিত হয়েছেন।
এডিসন রিসার্চের তথ্যমতে, ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত ২০৫টি আসন জিতেছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে হলে বাকি ১৭টির মধ্যে ১৩টি আসনে জয় প্রয়োজন তাদের।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত হলে, কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো একটি বিস্তৃত অ্যাজেন্ডা বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প।
প্রতিনিধি পরিষদের বাকি ১৭টি আসনের বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে রয়েছে। সেখানে সাধারণত ভোট গণনার গতি দেশের অন্যান্য অংশের তুলনায় ধীর।
আগামী সপ্তাহে রিপাবলিকান সিনেটররা সিনেটে দলের নেতৃত্বে কে থাকবে তা নির্ধারণ করবেন। সেখানে এই দায়িত্ব নেওয়ার জন্য বিবেচনায় রয়েছেন জন থুন, জন কর্নিন ও রিক স্কট ।








