চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে এক গাড়ি হামলায় ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রথমে পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরিয়ে ফেলা হয়। মঙ্গলবার পুলিশ ঘটনাটিকে ‘গুরুতর ও বর্বর হামলা’ হিসেবে অভিহিত করে এবং নিহতের সংখ্যা ৩৫ বলে জানায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চালক ফ্যান একটি ছোট এসইউভি নিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারের গেট দিয়ে প্রবেশ করে এবং কেন্দ্রটির অভ্যন্তরীণ সড়কে ব্যায়ামরত মানুষদের ওপর গাড়ি তুলে দেয়। ঘটনার সময় পুলিশ ফ্যানকে গাড়ির ভেতরে আহত অবস্থায় ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে দেখে। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফ্যান বর্তমানে কোমায় আছে এবং নিজের গলায় ও শরীরের অন্যান্য অংশে আঘাত করায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
উল্লেখ্য, ঝুহাই শহরে এখন চীনের বৃহত্তম এয়ারশো অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশটির বেসামরিক ও সামরিক উড়োজাহাজের প্রদর্শনী চলছে।









