সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে ইরান তাদের সক্ষমতা হারায়নি। দেশটির রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার হোসেইন সালামি মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ কথা বলেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পার্লামেন্টের এক রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দুর্বল হইনি। ইরানের ক্ষমতাও কমেনি।
বৈঠকে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়া সামরিক সহায়তা, লোকবল ও বিমান হামলার মাধ্যমে আসাদকে সমর্থন করেছিল। ইরান তার মিত্র আসাদকে ক্ষমতায় ধরে রাখতে রেভল্যুশনারি গার্ডস মোতায়েন করেছিল, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে তেহরানের 'প্রতিরোধের অক্ষ' বজায় রাখার একটি কৌশল।
তবে আসাদের পতনের ফলে তেহরানের আঞ্চলিক প্রভাব ও তাদের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নেটওয়ার্ক টিকিয়ে রাখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত, তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর এর প্রভাব পড়েছে, যারা গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
বৈঠকে সালামি বলেছেন, ইসরায়েলের পতন এখনও আমাদের অ্যাজেন্ডা থেকে বাদ যায়নি। তিনি আরও বলেছেন, বর্তমানে সিরিয়ায় কোনও ইরানি সেনার উপস্থিতি নেই।
আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি জাতীয় সংলাপের আয়োজন করতে দেশটির নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানো উচিত। তিনি আরও বলেন, সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।








