যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ ডিলার ফিলরেম সার্ভিসেস ইনকরপোরেটেড। এছাড়া এ অর্থ থেকে প্রাপ্ত লাভও ফেরতের ঘোষণা দিয়েছে তারা। একইসঙ্গে বর্তমানে অর্থ চুরির কোনও প্রক্রিয়ার সঙ্গে ফিলরেম জড়িত নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সালুদ বাউতিস্তা।
বৃহস্পতিবার রাজধানী ম্যানিলার সিনেটে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কার্যক্রম চলাকালে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে ক্ষমাপ্রার্থনা করে প্রতিষ্ঠানটি। তবে ব্লু রিবন তদন্ত কমিটির চেয়ারম্যান সিনেটর তিওফিস্তো গিনগোনা বলেছেন, শুধু ক্ষমাপ্রার্থনা করে পার পাবে না ফিলরেম। তাদের আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।
বাংলাদেশ থেকে পাচার করা ৮১ মিলিয়ন ডলার স্থানীয় মুদ্রা পেসোতে পরিবর্তন বাবদ তারা যে লাভ করেছে, তা বাংলাদেশকে ফেরত দেবে ফিলরেম সার্ভিসেস ইনকরপোরেটেড। বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি ‘ব্লু রিবন’-এর কাছে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। ‘ব্লু রিবন’ এর একজন কর্মকর্তা দেশটির প্রভাবশালী দৈনিক ইনকোয়ারার’কে এ খবর নিশ্চিত করেছেন।
সিনেটের তদন্তে সাক্ষ্যগ্রহণ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন ফিলরেমের চেয়ারম্যান সালুদ বাউতিস্তা। তিনি বলেন, ‘পুরো ঘটনায় আমরা বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করছি। এই কার্যক্রমে আমাদের পুরো লাভের অংকের সমান একটি চেক এখনই বাংলাদেশ সরকারকে দিতে আমরা প্রস্তুত রয়েছি।’
সালুদ বাউতিস্তা জানান, পুরো অর্থপাচার প্রক্রিয়ায় ফিলরেমের আয় এক কোটি চার লাখ ৭৪ হাজার ৬৫৪ পেসো।








