মার্কিন সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগ উঠেছে। সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে দুই কর্মকর্তা দাবি করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য খাতের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেফেন ফেরারা এক বিবৃতিতে বলেছেন, অবসর জীবনে ইতোমধ্যে প্রবেশ করেছেন ক্রসল্যান্ড। বিগত ৩২ বছরে দেশ, সেনা স্বাস্থ্য ও ওষুধ খাতে অবদানের জন্য সকলের পক্ষ থেকে আমি তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর শীর্ষ পদসমূহে ব্যাপক রদবদল করছেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যা সেনাবাহিনীতে নজিরবিহীন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ক্রসল্যান্ডের অবসরের বিষয়ে এক সাবেক ও এক বর্তমান কর্মকর্তার সঙ্গে কথা বলেছে রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসল্যান্ডকে কোনও বিকল্প বাছাইয়ের সুযোগ দেওয়া হয়নি। তাকে কেবল অবসর গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। এমনকি অবসরের কারণও তাকে জানানো হয়নি।
ক্রসল্যান্ডের অবসরের বিষয়ে জানতে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় পেন্টাগনে যোগাযোগ করে রয়টার্স। সেখান থেকে প্রতিরক্ষা স্বাস্থ্য সংস্থায় (ডিএইচএ) যোগাযোগ করতে বলা হয়। তবে ডিএইচএ কোনও সাড়া দেয়নি।
এর আগে, পেন্টাগনে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, এতে কেবল বিভাজন উল্টো বৃদ্ধি পাচ্ছিল।
গত মাসের শুরুতে তিনি বলেছিলেন, সামরিক ক্ষেত্রে বৈচিত্র্যের মাধ্যমে সবল হওয়ার ধারণাটিকেই তিনি চূড়ান্ত বোকামি বলে মনে করেন। সেনাবাহিনীতে ব্ল্যাক হিস্ট্রি মান্থ ও উইমেনস হিস্ট্রি মান্থের মতো নির্দিষ্ট লিঙ্গ,জাতি বা বর্ণভিত্তিক আয়োজন বাতিল করেছেন তিনি।
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচির কারণে সাধারণত নারী, জাতিগত সংখ্যালঘু এবং অবহেলিত গোষ্ঠীর জন্য প্রতিযোগিতার সুযোগ কিছুটা বৃদ্ধি পায়। অধিকারকর্মীদের দাবি, সমাজে বিদ্যমান কাঠামোগত বৈষম্য ও বর্ণবাদ রোধে এসব কর্মসূচি খুবই কার্যকর। তবে এসব কাজ সাধারণত ডেমোক্র্যাট কর্তৃক পরিচালিত হয়। আর এসব মতবাদ আবার রিপাবলিকানদের পছন্দ নয়।
অবশ্য গত বছর নিজ কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক আর্টিকেলে ক্রসল্যান্ড দাবি করেছেন, সেনাবাহিনীতে নিজের কৃষ্ণাঙ্গ নারী পরিচয় নিয়ে তিনি আলাদাভাবে চিন্তা করেন না।








