হার্ভার্ড-ট্রাম্প বিরোধের নতুন মোড়, সব আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৫, ১৪:৫৭আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:৫৭

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ও সমৃদ্ধ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধে নতুন মাত্রা যোগ হলো। মার্কিন সাধারণ পরিষেবা প্রশাসন (ইউএস জেনারেল সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ) থেকে মঙ্গলবার (২৭ মে) পাঠানো এক চিঠি থেকে জানা যায়, ফেডারেল সরকারের সঙ্গে সব চুক্তি বাতিলের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই চিঠিতে সব ফেডারেল সংস্থাকে হার্ভাডের সঙ্গে সমস্ত চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনার পর চুক্তি বাতিল বা পুনর্বিন্যাস করা হতে পারে বলেও চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেছেন, এসব চুক্তির আর্থিক মূল্য হতে পারে ১০ কোটি মার্কিন ডলার।

এই বিষয়ে হার্ভার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

জিএসএ'এ চিঠিতে অভিযোগ করে বলা হয়, হার্ভার্ড ক্যাম্পাসের বৈচিত্র্য বৃদ্ধিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জাতিগত পরিচয় আমলে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ ২০২৩ সালে আদালতের এক রায়ে উচ্চশিক্ষায় এই চর্চা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ, শিক্ষার্থী ভর্তিতে বৈষম্যমূলক এই নীতি এখনও বহাল রেখেছে হার্ভার্ড।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, শিক্ষার্থী গ্রহণের পাশাপাশি লোকবল নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যমূলক নীতি অনুসরণ করে হার্ভার্ড কর্তৃপক্ষ। এছাড়া, ইহুদি শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করতে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

চিঠিতে উল্লেখ রয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ৬ জুনের মধ্যে চুক্তি বাতিলের তালিকা পাঠাতে হবে এবং গুরুত্বপূর্ণ পরিষেবার দায়িত্ব অন্য ঠিকাদারদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, প্রশাসনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে হার্ভার্ড। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী বাক-স্বাধীনতার লঙ্ঘন। কারণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মী, পাঠ্যক্রম ও ভর্তি নীতিমালার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সরকারের সঙ্গে কিছু নীতিগত বিষয়ে মতবিরোধের জের ধরে কয়েক সপ্তাহ ধরেই হার্ভার্ড কর্তৃপক্ষ এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে শীতল সম্পর্ক চলছে। তারই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা হলো চুক্তি বাতিলের সিদ্ধান্ত।

ইতোমধ্যেই গবেষণা খাতের জন্য প্রায় ৩০০ কোটি ডলার বরাদ্দ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে, বিদেশি শিক্ষার্থী ভর্তিতে হার্ভার্ডের অনুমোদন বাতিলের আদেশ দেওয়া হয়। এছাড়া, ইতোমধ্যে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অন্য কোথাও বদলির বিষয়েও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেয় প্রশাসন। আইভি লীগের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৭ শতাংশ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের সংখ্যা প্রায় ছয় হাজার ৮০০।

অবশ্য বিদেশি শিক্ষার্থী ভর্তি অনুমোদন বাতিলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটিকে আপাতত ঠেকিয়ে রেখেছেন এক বিচারক। বৃহস্পতিবার এই বিষয়ে আদালতে শুনানির আগ পর্যন্ত নতুন আদেশ কার্যকর হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে, সব কিছুর মধ্যেও নতুন শিক্ষার্থীর অ্যাপয়েনমেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসা দেওয়া থেকে বিরত থাকতে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে নির্দেশনা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্টের এসব সিদ্ধান্ত চুপচাপ মেনে নেয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ট্রাম্পের বরাদ্দ বাতিল এবং বিদেশি শিক্ষার্থী বিরোধিতার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শত শত শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেছেন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম