ভারী বর্ষণ এবং তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে শনিবার (৩১ মে) বিপদ সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছে ভারতের আবহাওয়া অধিদফতর (দ্য ইন্ডিয়া মিটিওরোলোজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।
এছাড়া, সিকিমের মাঙ্গান, গিয়ালশিং ও সোরেং জেলায় বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গ্যাংটকের জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়। কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সবাইকে ওয়াকিবহাল রাখবে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঙ্গান জেলায় জারি করা সতর্ক সংকেতের প্রভাব তিস্তার তীরবর্তী দিকচু থেকে সিংতাম পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা গ্যাংটক জেলার অন্তর্গত।
এদিকে, কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর সিকিমের থেং ও চুংথাং এলাকায় ইতোমধ্যেই ভূমিধসের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও একাধিক স্থাপনার ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে।
ভারতের উজানে পাহাড়ি ঢলের প্রভাবে বাংলাদেশ অংশেও বাড়ছে তিস্তার পানি। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন পানির স্তর আরও বাড়তে পারে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে নতুন করে বন্যার শঙ্কা।









