আলাস্কায় অনুষ্ঠেয় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আশা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছেন উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের উদ্দেশ্যে প্রেসিডেনশিয়াল বাহন এয়ারফোর্স ওয়ানে আরোহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, হাই স্টেকস! এ দিয়ে তিনি বুঝিয়েছেন, পুতিনের সঙ্গে তার আলোচনার ফল যেটাই হোক, তার মূল্য হবে অনেক চড়া।
ট্রাম্পের বক্তব্যের সমর্থনে জেলেনস্কি বলেছেন, অবশ্যই, হাই স্টেকস। এই বৈঠকের মাধ্যমে যথার্থ শান্তি প্রতিষ্ঠার দ্বার উন্মোচন হওয়া উচিত। পাশাপাশি, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের ক্ষেত্রও এখানে প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে অনেকটা আকস্মিকভাবেই পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সব পক্ষের ভালোর জন্যই কিছু ভূমির মালিকানা বদল প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ভূখণ্ডের অধিকার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ আলোচনায় জেলেনস্কির অংশগ্রহণ না থাকায় এই নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।
তবে প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হলে এরপর জেলেনস্কির সঙ্গে পুতিনের একটি বৈঠক আয়োজন করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, তার আলাস্কা বৈঠকের প্রধান লক্ষ্য হলো পুতিন-জেলেনস্কি বৈঠকের ক্ষেত্র তৈরি করা। সব ঠিক থাকলে যত দ্রুত সম্ভব, দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করা হবে এবং উভয় পক্ষ চাইলে তিনি সেখানে উপস্থিত থাকবেন।
হোয়াইট হাউজে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্টের পদে না থাকলে পুতিন পুরো ইউক্রেন দখল করে ফেলতেন বলে আমার ধারণা। কিন্তু এখন আমি প্রেসিডেন্ট আর তিনি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না।
বৈঠক ফলপ্রসূ হবে কিনা, তা বুঝতে তার কয়েক মিনিটের বেশি সময় প্রয়োজন হবে না দাবি করে ট্রাম্প আরও বলেন, আলোচনা সুষ্ঠু না হলে তা দ্রুতই স্থগিত করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আলোচনা সুষ্ঠু হলে আরেকটি বৈঠক আয়োজনের জন্য জেলেনস্কিকে কল করবেন। তবে আলাস্কার বৈঠক ব্যর্থ হওয়ার ২৫ শতাংশ আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।









