হিলারি-স্যান্ডার্স বাকযুদ্ধে উদ্বেগ ডেমোক্রেট শিবিরে

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ২০:১০আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২০:১২

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের ভাষা প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দলটি। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং দলের আরেক মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স-এর মধ্যকার বাকযুদ্ধ কখনও তীব্রতায় রূপ নিচ্ছে, অনেক ক্ষেত্রেই যেটা বাজেভাবে দৃশ্যমান হয়।

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কে বেশি যোগ্য, তা নিয়ে চলছে এই যুদ্ধংদেহী বিতর্ক। তবে কখনও কখনও সেটা মূল বিষয়কে ছাপিয়ে অন্য বিষয়ের ওপরও আলোকপাত করে।

এরইমধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রতি বার্নি স্যান্ডার্স-এর আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ভারমন্টের এই প্রবীণ সিনেটর ডেমোক্রেটদের সঙ্গে সিনেটে ভোটাভুটিতে অংশ নিলেও নিজেকে ‘স্বতন্ত্র’ ও ‘সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন।

জবাবে পাল্টা আঘাত হেনে বার্নি প্রশ্ন করেন, তাকে অযোগ্য বলার আগে হিলারি নিজে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন কি না, ভাবা দরকার। ওয়াল স্ট্রিট থেকে কোটি কোটি ডলার চাঁদা নেওয়ার পর হিলারি নিজেকে আর যোগ্য ভাবতে পারেন না।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে বার্নির বিরোধিতা নিয়ে হিলারি বলেছেন, বেপরোয়া গুলিবর্ষণে যেসব স্কুলছাত্র মারা গেছে, তাদের মা-বাবার কাছে বার্নির ক্ষমা চাওয়া উচিত। পাল্টা অভিযোগ তুলে বার্নি বলেন, ইরাক যুদ্ধে যে হাজার হাজার মানুষ মারা গেল, হিলারির উচিত হবে তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া। তিনি দাবি করেন, ইরাক যুদ্ধ প্রস্তাবে সমর্থন অথবা পানামা মুক্ত বাণিজ্য চুক্তিতে সমর্থনের কারণে হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন।

হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স

হিলারির যোগ্যতা নিয়ে বার্নির এই সমালোচনা হিলারির মিত্রদের কাছে ভালো লাগেনি। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ও মিসৌরির সিনেটর ক্লেয়ার ম্যাককস্কাল কঠোর সমালোচনা করে বলেন, ভারমন্টের এই স্বতন্ত্র সিনেটর ‘সীমা অতিক্রম করে যাচ্ছেন’।

ক্লিনটনের সমর্থকেরা অবশ্য এ নিয়ে সচেতন যে স্যান্ডার্সকে কঠোর ভাষায় আক্রমণ করলে তার উল্টো ফল হতে পারে। হিলারি নিউইয়র্কে জনমত জরিপে বার্নির চেয়ে প্রায় ১০ পয়েন্টে এগিয়ে থাকলেও জাতীয় পর্যায়ে তিনি পিছিয়ে। জাতীয় পর্যায়ে মাত্র ৪৬ শতাংশ হিলারিকে সমর্থন করে। ৫০ শতাংশ সমর্থন করে না। মেয়েদের মধ্যে ৫৮ শতাংশ হিলারিকে সমর্থন করে না। হিলারি জাতীয় পর্যায়ে বার্নির চেয়ে এখন পর্যন্ত সামান্য এগিয়ে থাকলেও আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের মধ্যে বার্নির সমর্থন দ্রুত বাড়ছে। ফলে এই স্বঘোষিত ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’–এর প্রতি ব্যক্তিগত আক্রমণ শুরু হলে তার নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে।

এই আশঙ্কা মাথায় রেখে হিলারি বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বলেছেন, বার্নি যোগ্য নন, এ কথা তিনি মোটেই বলেননি। যেকোনো রিপাবলিকান প্রার্থীর জায়গায় বার্নিকে সর্বদাই সমর্থন করবেন বলে তিনি জানান।

ডেলিগেট ও সুপার ডেলিগেট সংখ্যার হিসাবে হিলারি সুবিধাজনক অবস্থায় থাকলেও বার্নি যে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়াবেন না, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রধান কারণ, গত আট রাজ্যের প্রাইমারি নির্বাচনে সাতটিতে তিনি জিতেছেন। এর চেয়েও বড় কথা, গত তিন মাসে হিলারির চেয়ে অনেক বেশি চাঁদা তুলতে সক্ষম হয়েছেন বার্নি। যতক্ষণ তাঁর তহবিলে অর্থ আছে, ততক্ষণ রণে ভঙ্গ দেওয়ার কোনো চাপ তাঁর ওপরে নেই। অনেকেই মানেন, সুপার ডেলিগেটের কারণে জুলাই মাসের পার্টি কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে হিলারিরই মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে বার্নি ডেমোক্রেটিক সুপার ডেলিগেটদের কাছে যুক্তি দেখানো শুরু করেছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, একমাত্র তিনিই সব রিপাবলিকান প্রার্থীকে সহজে পরাস্ত করতে সক্ষম। অতএব সুপার ডেলিগেটদের হিলারিকে নয়, তাঁকেই সমর্থন জানানো উচিত হবে।

এখন পর্যন্ত কোনো সুপার ডেলিগেট মত বদলাননি। তবে অবস্থা বদলে যাবে, যদি বার্নি নিউইয়র্কে হিলারিকে হারিয়ে দিতে সক্ষম হন। এমনটা ঘটলে বার্নি দলের কাছে শুধু বেশি পছন্দেরই নয় বরং রিপাবলিকানদের ঠেকাতে পারেন এমন প্রার্থী হিসেবেও শ্রদ্ধা অর্জন করতে পারবেন। তবে শেষ পর্যন্ত কি ঘটবে সেটা সময়ই বলে দেবে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম