বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৪ আগস্ট (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়; যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান; ইরানের বিরুদ্ধে ‘ডি-ডে’র হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, জবাবে আরও বড় হুমকি তেহরানের; হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি; আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড; ৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ; যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার নেপথ্যে অ্যালকোহল, এআই নাকি বয়সের প্রভাব- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
জ্বলন্ত ধূপকাঠি হাতে ধ্যানে মগ্ন হাজারো তরুণ-তরুণী। কেউ মাথা নত করে প্রার্থনায় ব্যস্ত, কেউবা গাছের ডালে লাল ফিতায় লিখছেন নিজের স্বপ্নের কথা। চীনের সাংহাই শহরের ১৭০০ বছরের পুরোনো ড্রাগন ফ্লাওয়ার মন্দির (লংহুয়া মন্দির)-এ এখন প্রতিদিন দেখা মিলছে এমন দৃশ্যের। মূলত ক্রমবর্ধমান বেকারত্ব, স্থবির বেতন এবং কাজের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে সৃষ্ট হতাশা থেকে রেহাই পেতে এবং একটি ভালো চাকরির আশায় প্রাচীন এই মন্দিরে ভিড় করছেন দেশটির হাজার হাজার তরুণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নতুন এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। রবিবার (২৩ আগস্ট) ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, নতুন গ্যাসক্ষেত্রটিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের (টিসিএফ) বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন তিনি।
ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরান হুমকি দিয়েছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করতে দেবে না। সোমবার (২৪ আগস্ট) নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা রয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকেও এসব পদক্ষেপের আওতায় আনা হতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম এবং প্রটোকল লঙ্ঘনকারী জাহাজের ভবিষ্যৎ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে তেহরান। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেয় পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ); যা হরমুজ প্রণালির সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করে।
দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানি সংকটের পূর্বাভাস অবশেষে বাস্তবে রূপ নিয়েছে ডিজেলের আকাশচুম্বী দামের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তুলনামূলক স্থির থাকলেও ডিজেলের বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পণ্য উৎপাদন ও পরিবহনের অন্যতম মূল জ্বালানি হওয়ায় ডিজেলের এই মূল্যবৃদ্ধি সার্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈদ্যুতিক গাড়ির (ইভি) আকর্ষণ বাড়াতে নান্দনিক ও চমকপ্রদ গোপন ডোর হ্যান্ডেল এনেছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আধুনিক ডিজাইনের এ ফিচারটিই এখন নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনের ইতিহাসে সর্ববৃহৎ গাড়ি ফেরত নেওয়ার ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন এই হ্যান্ডেল প্রযুক্তি, যার কারণে ৪০ লাখেরও বেশি গাড়ি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে আধুনিক ইতিহাসের সবচেয়ে তীব্র ও ব্যাপক অপরাধ হ্রাসের এক অভাবনীয় চিত্র দেখা যাচ্ছে। তবে ঠিক কী কারণে সহিংস অপরাধ এভাবে নিম্নমুখী, তা নিয়ে অপরাধবিজ্ঞানীরা শতভাগ নিশ্চিত হতে না পারলেও বেশ কয়েকটি বড় কারণ সামনে নিয়ে এসেছেন। গবেষকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, করোনা মহামারির পর অ্যালকোহল ও মাদকের ব্যবহার কমে যাওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক পুলিশিং প্রযুক্তি, জনসংখ্যার গড় বয়স বৃদ্ধি এবং কঠোর প্রসিকিউশনসহ নানা উপাদানের সম্মিলিত প্রভাবেই এই পরিবর্তন আসছে।

চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
ইরানের বিরুদ্ধে ‘ডি-ডে’র হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, জবাবে আরও বড় হুমকি তেহরানের
হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার নেপথ্যে অ্যালকোহল, এআই নাকি বয়সের প্রভাব







