মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হুসেইন। তিনি ট্রাম্পের বিভিন্ন নীতির নিন্দা করেন এবং এসব নীতিকে ‘গোঁড়ামিপূর্ণ’ বলে উল্লেখ করেন।
শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই নির্যাতনের প্রতি তার সমর্থন এবং মুসলিমবিদ্বেষী নীতির সমালোচনা করেন জেইদ রাদ আল-হুসেইন। তিনি বলেন, ‘গোঁড়ামি শক্তিশালী নেতৃত্বের কোনো প্রমাণ বহন করে না।’
জেইদ রাদ আল-হুসেইন বলেন, ‘প্রেসিডেন্ট পদে মনোনয়নের পথে এগিয়ে থাকা এক প্রার্থী কয়েক মাস আগেই নির্যাতনের পক্ষে তার মত দিয়েছেন।
বিবিসি জানায়, মনোনয়নের লড়াইয়ে বিভিন্ন বক্তৃতায় ট্রাম্প নির্যাতনকে সমর্থন করেছেন। ট্রাম্প দাবি করেন, ‘নির্যাতন কাজ করে।’ বিতর্কিত ওয়াটার বোর্ডিয়ের চেয়েও খারাপ কোনো নির্যাতনের পদ্ধতি ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। ওয়াটার বোর্ডিংসহ কিছু বিতর্কিত নির্যাতন পদ্ধতি বাতিল করে ওবামা প্রশাসন।
জেইদ একই সঙ্গে রিপাবলিকান দলের অপর মনোনয়প্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন। ক্রুজ যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকায় নজরদারির কথা বলেছিলেন। জেইদ ক্রুজের ওই পরিকল্পনার তীব্র নিন্দা জানান।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরও বলেন, কাউকে হেয় প্রতিপন্ন করে বক্তৃতা বা উত্তেজক কথা বলা বিনোদনের কোনও ভালো মাধ্যম নয়, আবার তা রাজনৈতিকভাবে লাভবান হওয়ারও কোনও সম্মানজনক পন্থা নয়।
ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা নতুন নয়। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটা, পোপ ফ্রান্সিসসহ অনেক বিশ্বনেতাই ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন।
উল্লেখ্য, দলের ভেতরেও তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে ট্রাম্পকে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কেউ তাকে সমর্থন দেবেন না বলেও উল্লেখ করেছেন। টেড ক্রুজ ট্রাম্পের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছিলেন। সূত্র: বিসিসি।
/এসএ/এমপি/








