দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব শহর ডারবানের বিখ্যাত সমুদ্র সৈকতে আকস্মিক ঢেউয়ের আঘাতে তিন সাঁতারু মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
দেশটির কোয়াজুলু-ন্যাটাল জরুরি মেডিক্যাল পরিষেবার মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জি জানান, শনিবার বে অফ প্লেন্টিতে সাঁতারুরা ঢেউয়ের তোড়ে উত্তাল সাগরে তলিয়ে যায়। এতে তিনজন মারা যান। এদের মধ্যে এক কিশোরও রয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে লাইফগার্ডের ৩৫ জন সদস্য। তাদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দেয়।
বড় দিনসহ ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকদের আগমনের প্রস্তুতি নিচ্ছে ডারবান কর্তৃপক্ষ। এর মধ্যেই এ ঘটনা ঘটলো।
সূত্র: আল জাজিরা









