সুদান থাকা নিজেদের বেসামরিক ও কূটনীতিকদের সরিয়ে নিতে আসা তুরস্কের উদ্ধারকারী একটি বিমানকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানী খার্তুমের বাইরে ওয়াদি বিমানবন্দরে হামলার শিকার হয় বিমানটি। এর পেছনে বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করেছে সুদানের সেনাবাহিনী।
তবে সি-১৪০ মডেলের বিমানটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে তুরস্কের বিমানে নিজেরা হামলা চালায়নি বলে দাবি করেছে আরএসএফ। এ ঘটনায় সেনাবাহিনী মিথ্যাচার করছে বলেও অভিযোগ সশস্ত্র বাহিনীটির।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের সি-১৩০ মডেলের বিমানে হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। কেউ আহত হননি।
সুদানে চলমান যুদ্ধবিরতির মধ্যেও সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে রাজধানী খার্তুমসহ আশপাশের শহরগুলোতে। বিভিন্ন জায়গায় গুলি ও বোমার বিস্ফোরিত হচ্ছে।
ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী খার্তুম সহ সুদানের বিভিন্ন জায়গায় উভয়পক্ষের মধ্যে সংঘাত চলছে। পরিস্থিতি দিনে দিনে আরও জটিল আকার ধারণ করছে। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আহ্বান জানালেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।









