ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে নাইজার জান্তা। বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্স নাইজারের আকাশসীমা লঙ্ঘন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সেনা কর্মকর্তা আমাদু আব্দরামানে এক ভিডিও বার্তায় ফ্রান্সের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। তবে তিনি এমন অভিযোগের পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি। এমন সময় এই অভিযোগ আনা হলো যখন দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের সংস্থা জান্তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ করণীয় নিয়ে আলোচনায় বসবে।
আব্দরামানে বলেছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। ফ্রান্স জনগণের চোখে জান্তার গ্রহণযোগ্যতা নষ্ট এবং অনিরাপত্তার একটি পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এর আগেও করেছেন নাইজারের অভ্যুত্থানের নেতারা। প্যারিস এমন অভিযোগ অস্বীকার করে আসছে। বুধবারের জান্তার অভিযোগের বিষয়ে ফ্রান্সের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নাইজারে ফ্রান্সের একটি সামরিক ঘাঁটি রয়েছে এবং দেশটি বিশ্বের সপ্তম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী। এই জ্বালানি পারমাণবিক বিদ্যুতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসব ইউরেনিয়ামের এক-চতুর্থাংশ ইউরোপ যায়, বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সে।
জেনারেল আবদোরাহমানে চিয়ানি ২৬ জুলাই প্রেসিডেন্টকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন। এরপর অভ্যুত্থানপন্থিরা ফরাসি দূতাবাসে হামলা চালিয়েছে। ফ্রান্স নিজেদের ও ইউরোপীয় নাগরিকদের দেশটি থেকে সরিয়ে এনেছে।









