যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম এই খবর জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
রবি ও সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছেন মিডোজ। মঙ্গলবার ভোটের রাতের পার্টিতেও তিনি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের ঘনিষ্ট সংস্পর্শে ছিলেন তিনি। ওই দিন ফলাফল প্রকাশ দেখার জন্য অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
এক কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের কর্মকর্তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে। কারণ সংক্রমিত হওয়ার পর মিডোজ অন্যান্য কর্মীদের কাছাকাছি ছিলেন।
মঙ্গলবার রাতে হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর অ্যালিজা ফারাহ বলেছিলেন, তাপমাত্রা মাপা ও সতর্কতা পালন করা হবে। শুরুতে ট্রাম্প হোটেলে পার্টি আয়োজনের পরিকল্পনা থাকলেও স্থানীয় বিধিনিষেধের ফলে তা হোয়াইট হাউজে আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতেও হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেছেন ডোনাল্ড ট্রাম্প।








