যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার প্রকোপ। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতেও সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি না করে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডো বাইডেন। বৃহস্পতিবার কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নিজের এই অবস্থান তুলে ধরেছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউন জারি করে যুক্তরাষ্ট্রকে নিশ্চল করে দেওয়ার কোনও পরিকল্পনা তার নেই। তবে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
বৈঠকে পাঁচ ডেমোক্র্যাট ও পাঁচ রিপাবলিকান গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। সেখানে করোনা মোকাবিলার পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় আলাদা। তাই জাতীয় স্তরে লকডাউন ঘোষণা করলে কাজ হবে না। বরং তাতে উল্টো ফল হবে।
বাইডেন আরও বলেন, দেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সামনের শীত আরও ভয়ংকর হতে পারে।
যুক্তরাষ্ট্রের বহুত্ববাদ ও বিভিন্নতাকে সম্মান জানিয়ে করোনা মোকাবিলার জন্য বাইডেন ছয় দফা পরিকল্পনা পেশ করেছেন। তার এই পরিকল্পনার মধ্যে আছে, রাজ্যগুলোকে আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি, বেকারদের সহায়তা বাড়ানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, সহজে করোনা পরীক্ষার ব্যবস্থা করা।
বাইডেনের দাবি, তার করোনা পরিকল্পনা নিয়ে মতৈক্য হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট গভর্নররা বাইডেনকে বলেছেন, এইটুকু আমরা করতেই পারি। এটা আমাদের সাধ্যের বাইরে নয়। কিন্তু দেশ হিসাবে আমাদের এক হতে হবে।
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, গভর্নরদের অর্থ দেওয়া হবে। তাতে তারা কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতি আবার আগের মতো ঠিক রাস্তায় ফিরবে। আর করোনা মোকাবিলায় আমরা ডেমোক্র্যাট বা রিপাবলিকান নই। আমরা আমেরিকান।








