মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সাইবার হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া। তিনি বলেছেন, আমরা একেবারে স্পষ্ট করে বলতে পারি এসব কর্মকাণ্ডে রাশিয়া জড়িত। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে বলে জানায় সিআইএসএ। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে বলেও জানানো হয়। অনেকের ধারণা এসব হামলার জন্য রাশিয়া দায়ী। তবে দেশটি অবশ্য তা অস্বীকার করেছে।
পম্পেও সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও কোনও প্রমাণ হাজির করেননি। পম্পেও বলেছেন, তিনি বিশ্বাস করেন, কয়েক মাস সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও বেসরকারি কোম্পানিতে অনুপ্রবেশ করেছে রাশিয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, তৃতীয়পক্ষের একটি সফটওয়্যার মার্কিন সরকারের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মার্কিন তদন্ত কর্মকর্তারা হামলাটি খতিয়ে দেখছেন। তবে তদন্তের বেশিরভাগ তথ্য গোপন থাকতে পারে।
তার মতে, রাশিয়া মার্কিন নাগরিকদের জীবনযাপনকে হেয় প্রতিপন্ন করতে চাইছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হলেন আসল ঝুঁকি।







