সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে আর ফিরতে পারবেন না। এমনকি তিনি যদি আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও টুইটারে অ্যাকাউন্ট ফিরে পাবেন না। বুধবার কোম্পানিটির প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সিএনবিসি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে টুইটারে কর্মকর্তা নেড সেগাল বলেন, যখন কাউকে আমাদের প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হয় তখন আপনি একজন সিএফও বা বর্তমান কিংবা সাবেক সরকারি কর্মকর্তা হলেও আর ফিরতে পারে না। এটিই আমাদের নীতি।
৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলার ঘটনায় তাকে টুইটারে ব্লক করা হয়। হামলার পর ফেসবুকসহ অন্যান্য সামজিক যোগাযোগমাধ্যমেও ব্লক করা হয়।
সেগাল বলেন, আমাদের নীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে সহিংসতার উস্কানি ঠেকানো সম্ভব হয়। কেউ যদি এমনটি করে তাকে প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হয়। আমাদের নীতি অনুসারে তার আর ফেরার সুযোগ নেই।
২০১৬ সালের নির্বাচনি প্রচার থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে ৪ বছর টুইটারকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছেন ট্রাম্প। এমনকি নিজের নীতি ঘোষণা, সমঝোতা ও রাজনৈতিক প্রচারেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন তিনি। অ্যাকাউন্ট বাতিলের আগে তার ৮ কোটি ফলোয়ার ছিল।








