ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ ঠেকাতে জরুরি আইন জারির নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন এই পদক্ষেপ হবে সময় নিয়ন্ত্রিত আর এর আওতায় কোনও সেনা মোতায়েন হবে না। এই আইনের ফলে আদালতের আদেশ ছাড়াই বিক্ষোভের সঙ্গে যুক্ত যে কারও ব্যক্তিগত হিসাব জব্দ করতে পারবে ব্যাংক কর্তৃপক্ষ।
সীমান্ত পাড়ি দিতে কোভিড টিকা সনদ বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ করছে কানাডার ট্রাক চালকেরা। কানাডার রাজধানীতে এখনও রয়ে গেছে শত শত বিক্ষোভকারী। এর আগে রবিবার কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সেতু অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। প্রায় এক সপ্তাহ ধরে চলাচলে বিঘ্ন ঘটানোর পর তাদের সরিয়ে দেওয়া হয়।
সোমবার নতুন ভ্যাকসিন বিধির বিষয়ে অবস্থান পুনর্ব্যক্ত করে জাস্টিন ট্রুডো বলেন, ‘এটা কানাডীয়দের নিরাপদ রাখার বিষয়, মানুষের কাজ সুরক্ষিত রাখার বিষয়।’ তিনি বলেন, 'বিক্ষোভকারীদের আটক কিংবা জরিমানা করতে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় পুলিশের হাতে আরও নতুন উপকরণ দেওয়া হবে।'
কানাডার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, জরুরি আইন সাময়িকভাবে ব্যবহার হবে আর এটি খুবই সুনির্দিষ্ট উপায়ে ব্যবহার হবে। সোমবারের সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, আদালতের আদেশ ছাড়াই বিক্ষোভ সংশ্লিষ্টদের হিসাব জব্দ করতে পারবে ব্যাংক। এছাড়া বিক্ষোভ সংশ্লিষ্টদের যানবাহনের ইন্সুরেন্সও বাতিল করা যাবে।
সূত্র: বিবিসি









