কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। কোভিড ভ্যাকসিন ও বিধিনিষেধের বিরোধিতায় গত তিন সপ্তাহ ধরে চলা আন্দোলন যখন শেষ হতে চলছিল তখনই এ ঘটনা ঘটলো। প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
চলমান বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার বিক্ষোভকারীদের তুলে দিতে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। কেউকে রাস্তায় ফেলে হাতকড়া পড়াতে দেখা যায়। পুলিশের অভিযোগ, আন্দোলকারীরা শিশুসুলভ আচরণ করছে।
দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে অভিযান চালানো হয়েছে। অভিযান চালানোর জন্য শত শত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় পুলিশ একশর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই আটক করা হয়েছে। অভিযানে হতাহত হয়নি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল।
উল্লেখ্য, কোভিড ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল।









