কয়েক দিন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য না জানানোর কারণে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বরখাস্ত করার কথা ভাবছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৮ জানুয়ারি) হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের দায়িত্ব পালন অব্যাহত রাখা ছাড়া অন্য কোনও পরিকল্পনা নেই।
মার্কিন সেনাবাহিনীর চেইন অব কমান্ড অনুসারে বাইডেনের পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হলেন অস্টিন। ই্ংরেজি নববর্ষ উৎসবের সময় কয়েক দিন হাসপাতালে ছিলেন। কিন্তু তিনি তা প্রেসিডেন্টকে অবহিত করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে, ১ জানুয়ারি থেকে অস্টিন কি অজ্ঞান এবং এই বিষয়ে হোয়াইট হাউজকে অবহিত করা হয়েছে কি-না। জবাবে ওই কর্মকর্তা বলেন, আমি জানি না।
রবিবার মার্কিন কর্মকর্তারা অস্টিনকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে গোপনীয়তার কথা প্রকাশ করেন। বেশ কয়েকদিন বাইডেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যেকোনও মুহূর্তের ডাকে সাড়া দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে অস্টিনের। শনিবার তিনি বলেছেন, হাসপাতালে ভর্তির গোপনীয়তা বজায় রাখার সব দায়িত্ব তিনি নিচ্ছেন।
স্বাস্থ্যগত কোন সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তা এখনও জানা যায়নি। জন কিরবি বলেছেন, এই বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই। তবে সম্প্রতি বাইডেন ও অস্টিন কথা বলেছেন।









