লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধের প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি হবে। হুথিদের হামলার নিন্দা জানিয়ে এই প্রস্তাব উন্থাপন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ জানুয়ারি) এই ভোট সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
হামলা বন্ধের মার্কিন খসড়া প্রস্তাবে বলা হয়েছে, অন্তত দুই ডজনের বেশি হামলা করেছে হুথিরা। এই হামলা বিশ্ব বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। শুধু তাই না এই হামলার কারণে নৌচলাচল অধিকার ও স্বাধীনতার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে।
লোহিত সাগরে অবিরত বিদ্রোহী হামলায় জাহাজের সংযোগ আরও দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিদ্রোহীরা। এই হামলায় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে একটি বিবৃতি জারি করেছিল যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ। সেই বিবৃতিতে সতর্কতা জারি করে তারা বলেছিল, এটি বন্ধ করার জন্য সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন হবে।
এদিকে হামলার কারণ উল্লেখ করে ইরান-সমর্থিত হুথিরা বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান বন্ধ করার জন্য এই হামলা করা হয়েছে।









