রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির ও তার দল আগস্টে ১৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ওই মাসে তাদের হাতে নগদ ২৯৫ মিলিয়ন ডলার ছিল। বুধবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার শিবির এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের তুলনায় আগস্টে তহবিল সংগ্রহের পরিমাণ সামান্য কম ছিল। জুলাইয়ে ট্রাম্পের প্রচারণ শিবির ১৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। ওই মাসে সাবেক এই প্রেসিডেন্ট একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান। জুলাইয়ের শেষের দিকে ট্রাম্পের প্রচার শিবিরের হাতে নগদ ৩২৭ মিলিয়ন ডলার ছিল।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার শিবিরের তহবিল জুলাইয়ে ট্রাম্পের প্রচার শিবিরকে ছাপিয়ে যায়। কমলার শিবির এখনও ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক আগস্টের পরিসংখ্যান প্রকাশ করেনি।
গত মাসে কমলার শিবির বলেছিল, প্রচার ও ডেমোক্রেটিক পার্টির প্রধান তহবিল সংগ্রহকারী দল জুলাইয়ে সম্মিলিতভাবে ৩১০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং ৫ নভেম্বরের নির্বাচনে নিজ দল থেকে কমলাকে সমর্থন জানান। জুনের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কের পারফরম্যান্স খারাপ করার পর তার বয়স ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনি দৌঁড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বাইডেন।
কমলার আগমন ডেমোক্যাটিক পার্টির নির্বাচনি প্রচারণাকে আবারও শক্তিশালী করেছে, যা পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সম্ভাবনা নিয়ে সন্দেহ পোষণ করেছিল।
জরিপগুলোতে দেখা গেছে, প্রতিযোগিতায়পূর্ণ অঙ্গরাজ্যগুলোসহ অন্যান্য স্থানে বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে কমলার প্রবেশ তাদের ভোট ব্যাংককে এবার আরও মজবুত করেছে।







