ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে সামান্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ভোট গণনার চূড়ান্ত পর্যায়ে থাকা অবস্থায় রিপাবলিকানদের এই অগ্রগতি স্পষ্ট হয়েছে। এদিকে, ডেমোক্র্যাটরা নিউ ইয়র্কে দুটি আসনের ফল নিজেদের পক্ষে নিয়েছে। যা তাদের জন্য সামান্য সাফল্য নিয়ে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এডিসন রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকানরা ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে কমপক্ষে ২১১টি আসন নিশ্চিত করেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও তাদের ৭টি আসনের প্রয়োজন। বাকি ২৪টি আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি। রিপাবলিকানদের হাউজে পূর্ণ নিয়ন্ত্রণ ট্রাম্পকে তার নীতিসমূহ বাস্তবায়নের ব্যাপারে অধিক সুযোগ এনে দেবে। এগুলোর মধ্যে রয়েছে বিশাল কর ছাড়, জ্বালানি খাতে নিয়ন্ত্রণমুক্তি এবং সীমান্ত নিরাপত্তা। অন্যদিকে, ডেমোক্র্যাটরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায়। তবে তাদেরকে বাকি থাকা ২৪টি আসনের মধ্যে ১৮টি আসন জিততে হবে।
ডেমোক্র্যাটদের হাউজ নিয়ন্ত্রণের আশা ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের কিছু অঞ্চলের ওপর নির্ভর করছে। সেখানে তারা ইতোমধ্যে দুটি রিপাবলিকান আসন উল্টে দিয়েছে। নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ড এলাকার উপশহর অঞ্চলে রিপাবলিকান মার্কিন প্রতিনিধি অ্যান্থনি ডেসপোজিটোকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট লরা গিলেন। একইভাবে, নিউ ইয়র্কের ক্যাটস্কিলস অঞ্চলে রিপাবলিকান মার্কিন প্রতিনিধি মার্ক মোলিনারোকে হারিয়েছেন ডেমোক্র্যাট জোশ রিলি।
এদিকে, নেব্রাস্কায় মধ্যপন্থি রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন ওমাহার উদারপন্থি অঞ্চলে ডেমোক্র্যাট টনি ভার্গাসকে পরাজিত করেছেন। যা প্রমাণ করে যে কিছু রিপাবলিকান নেতা এখনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
রিপাবলিকানদের হাউজের সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্পকে মন্ত্রিপরিষদ, বিচারক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিজের মনোনীত ব্যক্তিদের নিয়োগে সহায়তা করবে। যদিও দ্রুত আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট তাদের থাকবে না। অন্যদিকে, সিনেট নিয়ন্ত্রণে রাখলে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট নীতিসমূহে বেশি স্বাধীনতা লাভ করবে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি সিনেট আসনের একটি নেভাডাতে ও অন্যটি অ্যারিজোনায় রয়েছে। নেভাডাতে বর্তমান ডেমোক্র্যাট সিনেটর জ্যাকি রোজেন ৯৬ শতাংশ ভোটগণনা শেষে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী স্যাম ব্রাউন থেকে ১.৩ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। অন্যদিকে, অ্যারিজোনায় ডেমোক্র্যাট রুবেন গ্যালেগো রিপাবলিকান কেরি লেকের চেয়ে ১.৭ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সেখানে ৭৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।









