চার বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রদত্ত ক্ষমা প্রত্যাখ্যান করেছেন। অভিযুক্ত পামেলা হেমফিল বলেছেন, সেদিন আমরা ভুল করেছিলাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
৬ জানুয়ারির দাঙ্গায় জড়িত থাকার দায়ে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন পামেলা হেমফিল। তিনি বলেছেন, এই দাঙ্গার জন্য কারও ক্ষমা প্রাপ্য নয়।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমা গ্রহণ করা মানে ক্যাপিটল পুলিশ সদস্য, আইনের শাসন ও আমাদের জাতিকে অপমান করা।
পামেলা আরও বলেন, আমি দোষ স্বীকার করেছিলাম, কারণ আমি সত্যিই দোষী ছিলাম। ক্ষমা গ্রহণ করা তাদের (ট্রাম্প সরকারের) বিভ্রান্তিকর প্রচারণা এবং মিথ্যা বয়ানকে সমর্থন করার সমান হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাগা গ্রানি’ নামে পরিচিত পামেলা ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসকে নতুনভাবে লেখার চেষ্টা করছে, আর আমি এর অংশ হতে চাই না। আমরা সেদিন ভুল করেছিলাম, আমরা আইন ভঙ্গ করেছিলাম—এর কোনও ক্ষমা হওয়া উচিত নয়।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই দাঙ্গায় জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে ক্ষমা করার ঘোষণা দেন। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই লোকেরা ইতোমধ্যে বছরের পর বছর কারাদণ্ড ভোগ করেছে, যা ছিল নির্মম। এটি অত্যন্ত ভয়াবহ ও অমানবিক ছিল।
তবে ট্রাম্পের এই পদক্ষেপ কিছু রিপাবলিকান রাজনীতিবিদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছে। উত্তর ক্যারোলাইনার সিনেটর থম টিলিস বলেন, আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। এটি ক্যাপিটল হিলের নিরাপত্তা নিয়ে বৈধ উদ্বেগ সৃষ্টি করে।
অপর এক রিপাবলিকান সিনেটর ওকলাহোমার জেমস ল্যাংকফোর্ড সিএনএন-কে বলেছেন, আমরা আইন ও শৃঙ্খলার পক্ষে একটি দল হিসেবে নিজেদের পরিচিতি বজায় রাখতে চাই। যদি কেউ পুলিশ সদস্যের ওপর আক্রমণ করে, তবে এটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে।









