লাইব্রেরি মানেই চারদিকে পিনপতন নীরবতা, বইয়ের পাতায় বুঁদ হয়ে থাকা পাঠক। কিন্তু যুক্তরাষ্ট্রের নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পাবলিক লাইব্রেরির হাতে লেখা নোটিশে পাঠকদের আগেভাগেই সতর্ক করে বলা হয়েছিল, আজ লাইব্রেরিতে অন্য দিনের চেয়ে একটু বেশি আওয়াজ হতে পারে! তবে সেই সতর্কবার্তা যে কতটা কম করে বলা হয়েছিল, তা টের পাওয়া গেলো একটু পরেই। গমগমে মিউজিকের সঙ্গে ধুমধাম করে লাইব্রেরির রিডিং রুমে ঢুকে পড়লেন পেশাদার রেসলাররা। বইয়ের তাকে ঘেরা লাইব্রেরির ঠিক মাঝখানে বসানো রিংয়ে লাফিয়ে উঠলেন তারা!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেনিসিয়া পাবলিক লাইব্রেরিতে ঘটে যাওয়া এমন নাটকীয় দৃশ্য দেখে উপস্থিত ডজন খানেক শিশু এবং প্রাপ্তবয়স্ক পাঠক চিৎকার ও হুল্লোড় করে তাদের স্বাগত জানান।
মূলত শিক্ষার আলো ও বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের লাইব্রেরিগুলোতে লাইভ রেসলিং ম্যাচের এক আয়োজন চলছে, যার নাম দেওয়া হয়েছে ‘লুচা লিব্রো’। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই উদ্যোগটির নামকরণ করা হয়েছে মেক্সিকোর জনপ্রিয় খেলা ‘লুচা লিব্রে’-র নাম অনুকরণে। স্প্যানিশ ভাষায় ‘লিব্রো’ শব্দের অর্থ বই।
লাইব্রেরি সাধারণত শান্ত জায়গা হলেও রিংয়ে নেমে রেসলাররা কিন্তু একটুও ছাড় দেননি। তারা একে অপরকে বডি স্ল্যাম দিয়েছেন এবং বাতাসে ভেসে প্রতিপক্ষের বুকে এরিয়াল কিকও মেরেছেন! এই শক্তিশালী রেসলারদের মধ্যে একজন ছিলেন লামা জ্যাক, তার মুখে ছিল পশমি কানের একটি কালো মাস্ক। তিনি রিংয়ে বসে প্রথমে ‘লামা লামা টাইম টু শেয়ার’ নামের একটি বই পড়ে শোনাচ্ছিলেন। ঠিক তখনই তার প্রতিদ্বন্দ্বীরা রিংয়ে ঢুকে পড়তে বাধা দেয়। লামা জ্যাক মাত্র কয়েক মিনিটের মধ্যে ধোলাই করে তাদের রিং থেকে বিদায় করেন এবং শান্ত হয়ে আবার গল্পের বাকি অংশ পড়ে শোনান!
চলতি বছরে ক্যালিফোর্নিয়া থেকে নিউ জার্সি পর্যন্ত বিভিন্ন লাইব্রেরিতে এ ধরনের ৪০টিরও বেশি ইভেন্টের পরিকল্পনা করা হয়েছে। এই রেসলিং সার্কিটের অন্যতম জনপ্রিয় একজন রেসলার হলেন রিচার্ড শনারি, যিনি মূলত একজন লাইব্রেরিয়ান।
লুচা লিব্রো’র প্রধান নির্বাহী জেরি রোচা জানান, ২০২৪ সালের দিকে একটি স্থানীয় লাইব্রেরি থেকে শো করার জন্য তার এবং সহ-প্রতিষ্ঠাতা ভিক্টর ডোয়াইটের কাছে প্রস্তাব আসে। এরপর থেকেই এই ধারণার সূত্রপাত। ডোয়াইট নিজে ভিক্টর ভন রিখটার নামে রেসলিং লড়েন।
এর এক বছর পর বেনিসিয়া লাইব্রেরিতে প্রথম আত্মপ্রকাশ করে ‘লুচা লিব্রো’। জেরি রোচা বলেন, যে দুটি জগতের পথ কখনও এক হওয়ার কথা ছিল না, তারা এখন সবচেয়ে চমৎকার উপায়ে একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে।
সূত্র: এপি









