যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ১০ হাজার পাউন্ড (৪ হাজার ৫৩৫ কেজি) অস্থিতিশীল ও ক্ষয়প্রাপ্ত বিস্ফোরক উপাদানের নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে মার্কিন সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটানো হয়।
একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, এক মাইলেরও বেশি দূর থেকে বিস্ফোরণের ধোঁয়া দেখা গেছে এবং বিকট শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে কম্পনও অনুভূত হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, ১৫ বছরের বেশি সময় ধরে প্ল্যান্টটিতে সংরক্ষিত ৬৮ ড্রাম ‘লেড অ্যাজাইড’ যেকোনও মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে ছিল এবং সেগুলো সরানো বা খোলা সম্ভব ছিল না।
সেনাবাহিনী ২০২৬ সালের জানুয়ারিতে এই বিস্ফোরক অপসারণের মূল্যায়ন শুরু করে এবং মার্চে এর বিপজ্জনক অবনতির বিষয়টি শনাক্ত করে। মে মাসে তারা নিয়ন্ত্রিত বিস্ফোরণের সিদ্ধান্ত নেয় এবং ১৩ নভেম্বর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) জরুরি অনুমতি পায়।
বিস্ফোরণের ঘোষণা দিয়ে ভারপ্রাপ্ত সেনাসচিব অ্যাডাম টেলে এক সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশের বিশেষজ্ঞদের মধ্যে এই ঐকমত্য রয়েছে যে লেড অ্যাজাইডের একটি অনিয়ন্ত্রিত ও স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের চেয়ে নিয়ন্ত্রিত ও প্রশমিত বিস্ফোরণ ঘটানো অনেক বেশি শ্রেয়।
এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আপিল আদালত অনুমোদন দিলে এবং আইওয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর রব স্যান্ড সম্মত হলেই কেবল বিস্ফোরণটি ঘটানো হবে। সোমবার সন্ধ্যায় আদালত বিস্ফোরণের পথ উন্মুক্ত করে রায় দেন। একই দিনে রব স্যান্ড বলেন, মাস কয়েক আগে এই কাজের জন্য যাদের আনা হয়েছিল, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রশাসনের এই সিদ্ধান্ত নেওয়া উচিত।
বিস্ফোরণের আগে বিস্ফোরণস্থলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাতাসে ও ভূপৃষ্ঠে বিষাক্ত সিসার ধূলিকণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জননিরাপত্তা সতর্কতা জারি করে সেনাবাহিনী। ছয় বছরের কম বয়সী শিশুদের ঝুঁকির কথা উল্লেখ করে বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সহায়তায় মিডলটাউন ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয় এবং মিডলটাউনের আশপাশে ফ্লাইট চলাচল সীমিত করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
তবে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল নস এক মূল্যায়ন প্রতিবেদনে জানান, ফেডারেল আইনের অধীনে এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ মানব বা প্রাকৃতিক পরিবেশের গুণমানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না।
সূত্র: উইয়ন নিউজ
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের