তাইওয়ান প্রণালীতে এই বছর প্রথমবারের মতো দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাহাজ দুটি সেখানে পৌঁছে। এই জলসীমা চীনের কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। তাইওয়ান সরকারের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তাওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতিকে দেশটির যুক্তরাষ্ট্রের সমর্থন হিসেবে বিবেচনা করা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বেড়েছে। তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড মনে করে। আর তাইওয়ান চীনের বর্তমান শাসকদের অবৈধ মনে করে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন যুদ্ধ জাহাজ দুটি উত্তরের দিকে এগুচ্ছে। এই জলসীমায় তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্র ও আঞ্চলিক স্থিতিশীলতার নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত বছর এই জলসীমায় তিনবার যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনও মার্কিন জাহাজকে নিবিড় পর্যালোচনায় রেখেছে।
যুক্তরাষ্ট্রকে ‘এক চীন নীতি’ মেনে চলার আহ্বান জানিয়েছে বেইজিং।







