চীনের উহানে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মিশনের এক সদস্য বলেছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য নির্ভরযোগ্য নয়। বুধবার ডব্লিউএইচও মিশনের তদন্তের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
মঙ্গলবার ভাইরাসের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে উহানে অনুসন্ধান কার্যক্রমের সমাপ্তি টানে এই মিশন। চীনে অবস্থানের সময় তাদের কঠোর কূটনৈতিক বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর তদন্তের আহ্বান জানিয়েছে। চীন বিষয়টির রাজনীতিকরণ নিয়ে সতর্ক করেছে। মিশনে থাকার সময় থেকেই সদস্যদের ব্যক্তিগত টুইটার অ্যাকাউেন্ট বিভিন্ন তথ্য প্রকাশ হচ্ছিল। কিন্তু তারা চীন ত্যাগের প্রস্তুতি শুরু করার পর আরও বিস্তারিত পাওয়া যাচ্ছে।
ডব্লিউএইচও টিমের সদস্য পিটার ডাসজাক ভাইরাসের উৎস নিয়ে ভূরাজনীতির সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাদের কাজ করতে হয়েছে।
ড. পিটার বলেন, উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭ জন এবং চীনের ২০ জন বিজ্ঞানী বহু ল্যাব পরিদর্শন করেছেন। সেখানে তারা পরিচালক এবং স্বতন্ত্র বিজ্ঞানীদের সত্যিই কঠিন সব প্রশ্ন করেছিলেন। সেগুলো প্রকাশ করা হবে।
এর আগে মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে চীন সফররত ডব্লিউএইচও’ তদন্ত দলের প্রধান পিটার বেন এম্বারেক গবেষণাগার থেকে করোনার ছড়িয়ে পড়ার বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, উৎস শনাক্তে আরও অনেক কাজ প্রয়োজন।
তিনি জানান, তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তবে তা মহামারির পরিস্থিতির ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনেনি।









