শান্তি চাইলে দুর্গন্ধ তৈরি থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজ দেশের সরকারি সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করেন কিম ইয়ো জং। তিনি বলেন, নতুন মার্কিন প্রশাসনকে আমাদের ভূখণ্ডে বারুদের গন্ধ ছড়ানোর কঠোর চেষ্টার বিষয়ে সতর্ক করার জন্য এই সুযোগটি নিয়েছি। যদি তারা চার বছরের জন্য শান্তিতে ঘুমাতে চায়, তবে এর প্রথম পদক্ষেপ হিসেবে দুর্গন্ধ তৈরি থেকে বিরত থাকতে হবে।
যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রীর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরের একদিন আগে তিনি এমন মন্তব্য করেন। বর্তমানে জাপান সফরে থাকা বাইডেন প্রশাসনের ওই দুই সদস্য হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আন্তপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্ব জোরদার এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনার জন্য সোমবার তারা টোকিওতে পৌঁছান। জাপান সফর শেষে বুধবার তাদের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরের কথা রয়েছে। স্বভাবতই তাদের এই সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক নীতির বিষয়টি প্রাধান্য পাবে। এমন পরিস্থিতিতেই বাইডেন প্রশাসনকে দুর্গন্ধ তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানালেন কিমের বোন। সূত্র: আল জাজিরা।









