আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি ঘটানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতি গঠনের জন্য যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যায়নি। আফগানরাই তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
জো বাইডেন বলেন, আফগান সামরিক বাহিনী তালেবানের অগ্রসর হওয়ার হাত থেকে দেশটিকে ধরে রাখতে পারবে। এ ব্যাপারে তার আত্মবিশ্বাস রয়েছে।
বিগত দুই দশকে তিন লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (আফগান বাহিনী) স্পষ্টতই সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে। তবে প্রশ্ন হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে এটি করবে কিনা।
জো বাইডেন বলেন, একটি স্থিতিশীল ও নিরাপদ আফগানিস্তান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে না। দেশটিতে মানবিক ও নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। দেশটিতে এটিই ছিল তাদের প্রধান ঘাঁটি। বেশিরভাগ ন্যাটো সেনারাও আফগানিস্তান ছেড়েছে। এমন সুযোগে সশস্ত্র গোষ্ঠী তালেবান সরকারিবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে। বেশ কিছু অঞ্চলের দখলও নিয়েছে। অনেক জায়গায় বিনা প্রতিরোধে পিছু হটেছে সরকারি বাহিনী। তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে সহস্রাধিক আফগান সেনা। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার দেশটিতে মার্কিন সামরিক মিশনের ইতি টানার তারিখ ঘোষণা করলেন বাইডেন। সূত্র: সিএনবিসি।









