তালেবান বাহিনী কাবুলে প্রবেশের দিনেই আফগানিস্তানে আরও এক হাজার সেনা পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে শিগগিরই আফগানিস্তানে মোট মার্কিন সেনার সংখ্যা ছয় হাজারে দাঁড়াবে।
আফগানিস্তানে নতুন করে যেসব মার্কিন সেনা পাঠানো হবে তারা মূলত কুয়েত থেকে রওনা দেবে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এসব সেনা পাঠানো হবে বলে জানান ওই প্রতিরক্ষা কর্মকর্তা।
মার্কিন সেনাদের মূল উদ্দেশ্য হবে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া। এই বিমানবন্দর দিয়েই মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আফগানিস্তান ছাড়ছেন। আফগানিস্তানের বহু বেসামরিক নাগরিকও দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন উল্লেখ করে প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করছি না বিমানবন্দরের প্রতি ইঞ্চি জায়গা নিরাপদ।’
বর্তমানে আফগানিস্তানে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। বাকি সেনারা দেশটির পথে রয়েছে কিংবা শিগগিরই পৌঁছাবে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের বিমানবন্দর কিংবা এর আশেপাশে নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটেছে। তবে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়নি কিংবা তারাও কাউকে আঘাত করেনি। তুরস্কের সেনাবাহিনীও মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে আর তারাও সুরক্ষা কাজে অংশ নিচ্ছে।









