আফগানিস্তানের কাবুল ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে তালেবানের কেবল পুরুষদের নিয়ে সরকার গঠনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন নারী। বিক্ষোভকারীরা বলছেন, নারী মন্ত্রী ছাড়া কোনও সরকার তারা মেনে নেবেন না। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার আগে কয়েকজন নারীকে মারধর করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এতিলাট্রজ জানিয়েছে, মিছিলের খবর সংগ্রহ করতে যাওয়া তাদের সাংবাদিককে আটক ও মারধর করা হয়েছে।
এই অভিযোগের বিষয়ে কোনও সাড়া দেয়নি তালেবান। তবে সরকার ঘোষণার দিন মঙ্গলবার তারা বলেছে, এমন বিক্ষোভ অবৈধ। বিক্ষোভের জন্য অনুমতি নিতে হবে এবং নিপীড়নমূলক ভাষা ব্যবহার করা যাবে না।
এর আগে মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে তিন প্রতিবাদকারী নিহত হয়েছে।








