আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ১৫ আগস্ট তালেবানরা কাবুলে প্রবেশ করার তিনি দেশ ছেড়ে যাওয়া গণি বুধবার টুইটারে বলেছেন, জনগণকে ছেড়ে যাওয়া কখনও তার ইচ্ছে ছিল না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
টুইটারে প্রকাশ করা বিবৃতিতে আশরাফ গণি বলেছেন, রক্তাক্ত সংঘর্ষ এড়াতে প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তা নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেছেন।
আশরাফ গণি লিখেছেন, কাবুল ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি বন্দুক নীরব রাখা, কাবুল ও শহরের ৬০ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া কোনও পথ ছিল না।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থানরত গণি আরও লিখেছেন, আমার উত্তরসুরীর মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি।









