তালেবানের এলিট ডেথ স্কোয়াড আফগানিস্তানের চার জন কাউন্টার টেরোরিজম এজেন্টকে হত্যা করেছে। ২২ আগস্টের পর এই হত্যাকাণ্ডগুলো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য সানডে টাইমস। একটি হত্যাকাণ্ডে তালেবান যোদ্ধারা এক এজেন্টের আঙুলের নখ উপড়ে ফেলে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
নিহতরা আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর দুটি ইউনিটের সদস্য। তাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ ও মার্কিন সেনারা।
নিহত এক এজেন্টের ভাই দ্য সানডে টাইমসকে বলেছেন, আগস্টে কাবুলের বাইরে তাদের বাড়িতে আসে তালেবান যোদ্ধারা। তিনি বলেন, আমার ভাইয়ের মাথায় তিনটি, বুকে একটি এবং বাম কাঁধ ও হাতে দুটি গুলি করা হয়েছে। জানি না আমি কীভাবে বেঁচে গেছি।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, নিহত চার জনের মধ্যে একজনের হাতের সব নখ উপড়ে ফেলা হয়। পরে তাকেও গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।
এনডিএস-এর সদর দফতরে কাজ করা এক সিনিয়র ম্যানেজার জানান, ১৫ আগস্ট কাবুল দখলের পর তালেবান তাদের ল্যাপটপ ও বিভিন্ন নথি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এগুলো থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে এনডিএস এজেন্টদের খুঁজে বের করছে। এক্ষেত্রে তালেবানরা নিজেদের ব্রিটিশ দূতাবাসের কর্মী পরিচয় দিচ্ছে।









