আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠানো বন্ধ করা না করলে পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে কাবুলের নতুন শাসক দল এই হুঁশিয়ারি দিয়েছে।
তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে এসব ড্রোন অপারেশন চালিয়ে যুক্তরাষ্ট্র সব আন্তর্জাতিক অধিকার ও আইনের পাশাপাশি কাতারের দোহায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘নেতিবাচক পরিণতি ঠেকাতে আমরা সব দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানকে আন্তর্জাতিক অধিকার, আইন এবং প্রতিশ্রুতির আলোকে বিবেচনার আহ্বান জানাচ্ছি।’
তালেবানের এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
গত মাসে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের দাবি, ইসলামিক স্টেট এবং আল কায়েদার কার্যক্রম আফগানিস্তানে নেই। যদিও সম্প্রতি জালালাবাদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯/১১ হামলায় অভিযুক্ত আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপের মুখে রয়েছে তালেবান।








