আফগানিস্তানে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তালেবান ক্ষমতা দখলের আগে দলটিকে দমনে বিভিন্ন সময়ে আফগান বাহিনীকে নানা সামরিক সরঞ্জাম সরবরাহ করে ওয়াশিংটন। আবার তালেবানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উল্টো দলটির হাতে পর্যুদস্ত হয় সরকারি বাহিনী। এসব ক্ষেত্রে আফগান বাহিনীর অস্ত্রশস্ত্রও জব্দ করে নেয় তালেবান। সেগুলোই হাত ঘুরে দেশটির অস্ত্রের ডিলারদের কাছে পৌঁছায়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য।
অস্ত্রের ডিলাররা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, আফগান সেনাদের কাছ থেকে তালেবান কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ হওয়া যুক্তরাষ্ট্রের নানা অস্ত্রশস্ত্র তারা কিনে নিয়েছেন। এগুলো এখন আফগান নাগরিকদের কাছে বিক্রি করা হচ্ছে।
কান্দাহারের তিন জন অস্ত্র বিক্রেতা জানান, আমেরিকান পিস্তল, গোলাবারুদ, রাইফেল, বাইনোকুলার এবং নাইট ভিশন গগল দেশের দক্ষিণাঞ্চলে বিক্রির জন্য মজুত রাখা হয়েছে।
মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পরও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পেয়েছে তালেবান। পেন্টাগনের দাবি, মার্কিন সেনারা কাবুল ত্যাগের আগেই উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্রগুলো বিনষ্ট করে দেওয়া হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে, এখনও তালেবানদের হাতে এমন হাজার হাজার অস্ত্র রয়েছে।
কাবুলের যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতনের পর দেশটিতে বড় ধরনের সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে। তালেবানকে আর সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না। ফলে দলটির সদস্যদের জন্যও এসব অস্ত্র এখন আর আগের মতো কার্যকর নয়। ফলে মার্কিন বাহিনীর পরিত্যক্ত কিছু অস্ত্রও তারা বিক্রি করে দিচ্ছে।









