এশিয়া-প্রশান্ত অঞ্চলে আবারও শীতল যুদ্ধ ফিরিয়ে না আনতে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিইও ফোরামে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট শি বলেন, ‘ভূরাজনৈতিক স্বার্থের ভিত্তিতে ছোট জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীতল যুদ্ধের সময়ের দ্বন্দ্ব এবং সংঘাতের পুনরাবৃত্তি কাম্য নয়’। সম্প্রতি চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড জোট। এটি মূলত সামরিক জোট।
এদিকে তাইওয়ান ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষা করার দায় যুক্তরাষ্ট্রেরও। তাইওয়ান চীনের ক্রমবর্ধমান সামরিক রাজনৈতিক চাপে পড়েছে বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চীনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনও মূল্যেই হোক তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রীকরণ করা হবে। তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গেও ওয়াশিংটনকে বার বার সতর্ক করে আসছে বেইজিং।
এরমধ্যেই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বুধবার হঠাৎ ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। জলবায়ু সংকট উত্তরণে আগামী দশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু জম্মেলন কপ২৬ থেকে এমন বিরল ঘোষণা আসে। এমন ঘোষণার মধ্যেই শীতলযুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে সতর্কবার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট।









