পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানে নয় বরং দুনিয়াজুড়ে গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে।
তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের মার্কিন চেষ্টার যে অভিযোগ করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। যুক্তরাষ্ট্র সাংবিধানিক গণতান্ত্রিক নীতি শান্তিপূর্ণভাবে বজায় রাখার পক্ষপাতী।
ওয়াশিংটন কখনও কোনও একটি রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও জানান নেড প্রাইস।
সম্প্রতি একটি বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বিদেশি একটি রাষ্ট্রের’ পক্ষ থেকে তার সরকার একটি ‘হুমকির চিঠি’ পেয়েছে।
ইমরান খান বলেন, ওই চিঠিতে অনাস্থা ভোটের কথা উল্লেখ করা হয়েছে। অথচ তখনও তা উত্থাপন করা হয়নি। এর অর্থ হলো বিরোধীরা তাদের সঙ্গে যোগাযোগ করছে।
এক বৈঠকে এই অনাস্থা ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ইমরান খান। এরপরই ফের পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টার অভিযোগ অস্বীকার করলেন নেড প্রাইস।









