বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত স্লোগান ‘ধর্ম যার যার উৎসব সবার।’ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারী বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব ফুটবল ক্লাব লঞ্চ করার সময় সেই স্লোগানটাকেই একটু বদলে নিয়ে বললেন, ‘রাজনীতি যার যার ফুটবল সবার।’
উপলক্ষটা ছিল অভিষেক ব্যানার্জির সংসদীয় কেন্দ্রে ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’-এর লোগো ও জার্সির উদ্বোধন।
পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষের দিন (১৫ এপ্রিল) সেই অনুষ্ঠানেই অভিষেক ঘোষণা করেন, তার ক্লাবে বিরোধী দল বিজেপি, কংগ্রেস বা সিপিএমের লোকজনও স্বাগত– আর সেই পটভূমিতেই তিনি বলেন, ‘রাজনীতি যার যার ফুটবল সবার’।
পরে তৃণমূল কংগ্রেসের এমপি ও ওই অনুষ্ঠানে উপস্থিত ডেরেক ও ব্রায়েনও সেই একই স্লোগান টুইট করেন।
এটি যে শেখ হাসিনার বিখ্যাত স্লোগান ‘ধর্ম যার যার উৎসব সবার’ থেকেই অনুপ্রাণিত– তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের সাম্প্রদায়িকতামুক্ত ধর্মীয় পরিবেশের আবহটি তুলে ধরতে তিনি গত এক দশক বা তারও বেশি সময় ধরে বারবার এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন। হিন্দুদের দুর্গাপুজো, বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা বা খ্রিষ্টানদের বড়দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার এটি উচ্চারণ করতে শোনা গেছে।
পশ্চিমবঙ্গের ‘পোলারাইজড’ রাজনৈতিক পরিবেশে একটি ফুটবল ক্লাব যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সব মত-পথের ফুটবলারদের মিলনমেলা হয়ে উঠতে পারে, সেই বার্তা দিতে অভিষেক ব্যানার্জিও সেই কথাটাকেই একটু পাল্টে নিয়ে ব্যবহার করলেন।
বাংলাদেশ থেকে রাজনৈতিক বা সামাজিক স্লোগান ধার করা পশ্চিমবঙ্গে অবশ্য এই প্রথম নয়। বছরখানেক আগে বিধানসভা নির্বাচনের সময় যে ‘খেলা হবে’ স্লোগান পুরো রাজ্যকে মাতিয়ে তুলিয়েছিল, সেটাও যে নারায়ণগঞ্জের ডাকাবুকো আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের কাছ থেকেই ধার করা– তা কিন্তু পশ্চিমবঙ্গ নির্বিবাদে স্বীকার করে নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত সবাই একের পর এক নির্বাচনি জনসভায় তখন ‘খেলা হবে’র ডাক দিয়েছেন, ‘খেলা হবে’ নিয়ে তৈরি হয়েছে অজস্র গান-কবিতা, ওই স্লোগানের তালে তালে নেচেছেন রাজ্যের সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিধানে ‘খেলা হবে’ এখন স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।
এরও আগে বাংলাদেশের বিখ্যাত ‘জয় বাংলা’ স্লোগানটিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস– কিন্তু বিজেপি ও বামপন্থীদের কটাক্ষের মুখে সেই চেষ্টায় অবশ্য এখন রাশ টানা হয়েছে।
রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ তখন প্রশ্ন তুলেছিলেন, “পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল কি ‘গ্রেটার বাংলাদেশ’ গড়তে চাইছে?” সিপিএমের বর্তমান সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান দিয়ে ‘জয় বাংলা’কে অমর করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিকভাবে দেউলিয়া তৃণমূল এখন বঙ্গবন্ধুর সেই স্লোগানকেই নকল করতে চাইছে।”
সেই বিতর্কের পরেও ভালো স্লোগানের জন্য বাংলাদেশের কাছে হাত পাততে তৃণমূল যে এতটুকুও কুণ্ঠিত নয়– সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।








