শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে উপস্থিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়ে উল্লাস প্রকাশ করছেন। সামর্থ্য অনুযায়ী যে যেখানে পারছেন উঠে পড়ছেন। অনেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়েছেন।
এর আগে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস নিক্ষেপ করেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ।
এর আগে বিবিসি জানায়, বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলেও সেখানে ছিলেন না প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ফলে তার তাৎক্ষণিক বিপদ এড়াতে পেরেছেন তিনি। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা তার বাসভবন জ্বালিয়ে দেওয়ার পর থেকেই গোপন স্থানে অবস্থান করছেন রনিল বিক্রমাসিংহে।
দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। তবে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার।









