বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক পানিসীমা দিয়ে যাত্রা করেছে দুই মার্কিন যুদ্ধজাহাজ। সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
তিনি বলেন, তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতির’ সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।
একটি মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন জন কিরবি।
মার্কিন প্রতিনিধি পরিষধের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর রবিবার প্রথমবারের মতো তাইওয়ান প্রণারিতে দুই যুদ্ধজাহাজ পাঠায় মার্কিন নৌবাহিনী। সপ্তম নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইউএসএস অ্যান্টিটাম’ এবং 'ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করে। প্রণালি দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক আইন মেনেই জাহাজগুলো সেখানে চলাচল করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত তাইওয়ান প্রণালি দিয়ে প্রবেশ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজ। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে বেইজিং। এসব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে তারা। এর মধ্যেই ন্যান্সি পেলোসির তাইপে সফরকে ঘিরে তাইওয়ান প্রণালিতে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীন। এরমধ্যেই রবিবার নতুন করে দুই মার্কিন যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালিতে চলাচলের কথা জানায় ওয়াশিংটন।









