পাকিস্তানে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। ইসলামাবাদের ভারা কাহুতে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
ইসলামাবাদ পুলিশ জানায়, দুই শ্রমিককে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন মারা যান। অন্য তিন শ্রমিককে পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের।
ইসলামাবাদের মহাপরিদর্শক (আইজি) ডক্টর আকবর নাসির এবং প্রধান কমিশনার নুরুল আমিন মেঙ্গলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) চেয়ারম্যান মেঙ্গাল বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই থেকে তিনটি বিশাল ট্রলি (ট্রাক) রাত ২ টা থেকে ৩টার মধ্যে সেতুটি অতিক্রম করে। এগুলোর একটি পিলারটিকে ধাক্কা দিয়েছিল। ফলে এটি ধসে পড়ে।’ সূত্র: ডন









