তাইওয়ান নিয়ে উত্তেজনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে চীন। দেশটি ২০২৩-২৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতের বাজেট ৭ দশমিক ১ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ২ শতাংশ করেছে। রবিবার (৫ মার্চ) চীনের অর্থ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, আসন্ন অর্থবছরে প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন বা ২২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এ নিয়ে টানা অষ্টমবারের মতো শূন্য দশমিক এক শতাংশ হারে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে চীন। বিগত অর্থবছরে প্রতিরক্ষা খাতে দেশটির বাজেট ছিল ৭ দশমিক ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রতিরক্ষা বাজেট চীনের। প্রতিবছর জিডিপির ১৪ শতাংশ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় করে চীন। যেখানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ শতাংশ (৮০০ বিলিয়ন ডলার)। চীনের প্রতিবেশী ভারতের ২০২৩-২৪ অর্থবছরের প্রতিরক্ষা বাজেট ৭২ দশমিক ৬ বিলিয়ন ডলার।
তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রকাশিত বাজেটের চেয়ে সামরিক খাতে আরও বেশি অর্থ ব্যয় করে চীন।
চীনের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে বাজেট ঘোষণার পাশাপাশি শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনরায় চীনের অধীনে নিয়ে আসার বিষয়েও আলোচনা করা হয়েছে।
সূত্র: উইওন নিউজ









