মালয়েশিয়ায় বিষাক্ত পটকা মাছ থেকে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের মেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। যাতে করে ভবিষ্যতে এমন পরিণতি আর কারও না হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
জহর রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, আশির কাছাকাছি বয়সের নং চুয়ান সিং ও তার স্ত্রী লিম সিউ গুয়ান ২৫ মার্চ অজান্তে এক অনলাইন বিক্রেতার কাছ থেকে অন্তত দুটি পটকা মাছ কিনেন। ওই দিনই লিম মধ্যাহ্ন ভোজের জন্য মাছ ভাজি করেন। এরপর তাদের তাদের শ্বাস নিতে কষ্ট এবং কাঁপুনি শুরু হয়। দুপুরের খাবার গ্রহণের এক ঘণ্টা পর তার স্বামীরও একই ধরনের উপসর্গ দেখা দেয়।
দ্রুত এই দম্পতিকে হাসপাতালে নেওয়া হলে তাদের আইসিইউতে ভর্তি করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার সময় লিমকে মৃত ঘোষণা করা হয়।
নং চুয়ান সিং আট দিন কোমায় ছিলেন। কিন্তু তার অবস্থার কোনও উন্নতি হয়নি। শনিবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন তাদের মেয়ে নং আই লি। রবিবার তাদের শেষকৃত্যের আগে দম্পতির বাড়িতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি।
মা-বাবার মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাদের মেয়ে। নং আই লি বলেছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মালয়েশিয়ায় কঠোর আইন প্রয়োজন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় অন্তত ৩০ প্রজাতির পটকা মাছ পাওয়া যায়।









