মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স কোম্পানি পিআইএ-এর একটি উড়জাহাজ জব্দ করা হয়েছে। বকেয়া পরিশোধ না করার কারণে মঙ্গলবার (৩০ মে) মালয়েশিয়া এমন পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এআরওয়াই নিউজ।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বোয়িং ৭৭৭ নামক উড়োজাহাজটি জব্দ করা হয়। মালয়েশিয়ার কাছ থেকে উড়োজাহাজটি লিজ নিয়েছিল পাকিস্তান। কিন্তু এই বাবদ বকেয়া ৪০ লাখ ডলার পরিশোধ করেনি এয়ারলাইন্সটি।
আদালতের নির্দেশে মালয়েশীয় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও একই কারণে উড়োজাহাজটি জব্দ করেছিল মালয়েশিয়া। ওই সময় ক্রুসহ যাত্রী ছিলেন ১৭৩ জন।
কূটনৈতিক আলোচনায় কুয়ালালামপুরকে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পিআইএ। পরে পাকিস্তানকে তা ফেরত দিয়েছিল কর্তৃপক্ষ।








