পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিক্রিয়ায় গত মাসে দেশজুড়ে শুরু হওয়া সহিংস সংঘর্ষ এড়াতে ব্যর্থ হওয়ার দায়ে একজন লেফটেন্যান্ট জেনারেলসহ ৩ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির সেনাবাহিনী। রাওয়ালপিন্ডিতে সোমবার বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।
মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গ্যারিসন শহরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০২ জনের সামরিক আদালতে বিচার চলছে।’
তবে সেনাবাহিনীর এই মুখপাত্র বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম বলতে রাজি হননি।
তিনি বলেন, ‘মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ারসহ আরও ১৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতার জন্য দুটি আলাদা সেনা তদন্ত শেষ হওয়ার পর তাদের শাস্তি দেওয়া হয়েছে।’
গত ৯ মে ইমরান খানের হাজার হাজার সমর্থক বেশ কয়েকটি সামরিক স্থাপনায় তাণ্ডব চালায়। এসবের মধ্যে ছিল একটি বিমান ঘাঁটি, বেশ কয়েকটি সেনানিবাস। এ ছাড়া একজন জেনারেলের বাড়ি এবং সেনাবাহিনীর সদর দফতরসহ বিভিন্ন সরকারি স্থাপনায় গত মাসে তাণ্ডব চালিয়েছিল ইমরান খানের সমর্থকরা।
সূত্র: রয়টার্স








