ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন আহত হন। ভূমিকম্পের কারণে আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা যান এক ব্যক্তি। শুক্রবার (৩০ জুন) বিকেলের এই ঘটনা জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর রয়টার্সের।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য। মধ্য জাভা প্রদেশের শতাধিক ঘরবাড়ি, কয়েকটি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সামান্য ক্ষতি হয়। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারির বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ২৫ কিলোমিটার গভীরতায় হানা এই ভূমিকম্প দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ যোগকার্তাসহ পূর্ব ও মধ্য জাভা শহরের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি দেশটিতে।
‘প্যাসিফিক রিং অব ফায়ার’ জোনে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। জোনটিতে ভূত্বকের বেশ কয়েকটি প্লেট মিলিত হওয়ার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো দুর্যোগ বেশি ঘটে থাকে। সূত্র: রয়টার্স








