ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংক জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড। মঙ্গলবার তারা বলেছে, অবৈধ তেল পরিবহনের সন্দেহে এই সুপার ট্যাংকার জব্দ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এমটি আরমান নামের এই ট্যাংকারটি ৩০৪ মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল পরিবহন করছিল।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার অনুমতি ছাড়া ক্যামেরুনের পতাকাবাহীএকটি জাহাজে তেল স্থানান্তর করার সময় এটিকে জব্দ করা হয়।
নিরাপত্তা সংস্থার প্রধান আন কুর্নিয়া বলেছেন, এমটি আরমান তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। ফলে তাদের প্রতারণামূলক মনোভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার পরিবেশগত আইন লঙ্ঘন করে জাহাজটি সমুদ্রে তেলও ফেলেছিল।
ট্যাংকারের সঙ্গে এর মিসরীয় ক্যাপ্টেন, ২৮ জন ক্রু ও ৩ যাত্রীকে আটক করেছে ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড। নিরাপত্তা সংস্থা বলছে, এই যাত্রীরা ট্যাংকারের এক নিরাপত্তা কর্মকর্তারা পরিবারের সদস্য।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বলছে, শনাক্তের পর দুটি সুপার ট্যাংকার পালানোর চেষ্টা করলে তারা এমটি আরমানের ওপর মনোনিবেশ করে। মালয়েশীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এটিকে নিজেদের জলসীমায় নিয়ে আসা হয়।









